ফুলগাজীতে ৩ নাইজেরীয়ান গ্রেফতার
ফুলগাজীর সময় ডেস্ক:
ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার খেজুরিয়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) জওয়ানরা আমজাদ হাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন হাড়িপুস্করনী গ্রাম এলাকা টহল দেওয়ার সময় ওই তিনজনকে আটক করে। এ নিয়ে গত চার বছরে ফুলগাজী ও পরশুরাম সীমান্ত দিয়ে পারাপারের সময় ১৩ জন নাইজেরীয়কে আটক করেছে বিজিবি।
আটক করা তিনজন হলেন সানডে ইবোনাদি এডুইন (২৪), কিংসলে চিনেডু নাওকোরি (৩০) ও লোটানা সামুইল অ্যানিকা (৩৪)।
বিজিবি সূত্র জানায়, ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে তিন নাইজেরীয়কে আটকের পর রাতেই তাদের ফুলগাজী থানা-পুলিশে হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে ফুলগাজী থানায় মামলা করা হয়েছে। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার করা নাইজেরীয় নাগরিকদের কাছ থেকে ভারতীয় ভিসা বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। একজনের পাসপোর্টও ছিল না। তবে তাদের কাছে ১৩ হাজার ভারতীয় রুপি, ১০০ ইউএস ডলার, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল এবং ব্যবহার্য মালামাল পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজন জানান, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য ফেনী হয়ে ওই এলাকায় পৌঁছান।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাহিদুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে ওই তিনজন নিজেদের নাইজেরিয়ার নাগরিক হিসেবে পরিচয় দেন। স্থানীয় বাংলাদেশি নাগরিকের সহযোগিতায় তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। নাইজেরীয়দের আটকের সময় তাদের সহযোগী একজন বাংলাদেশি নাগরিক পালিয়ে যান।
ফুলগাজী থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, তিনজনকে ফেনীর বিচারিক হাকিম আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজিবি ও পুলিশ জানায়, এর আগে গত ৩ আগস্ট ভারত হয়ে বাংলাদেশে ঢোকার পথে পরশুরাম সীমান্তে একজন, গত ২৮ আগস্ট পরশুরাম সীমান্তে দিয়ে ভারত যাওয়ার সময় তিনজন, ২০১৮ সালের ১৮ নভেম্বর পরশুরামের উপজেলার নিজ কালিকাপুর এলাকা দিয়ে মুহুরি নদী অতিক্রম করে অবৈধভাবে ভারত যাওয়ার সময় তিনজন এবং ২০১৬ সালের ১২ আগস্ট পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের তুলাতলি এলাকায় অবৈধভাবে ভারত যাওয়ার সময় তিনজন নাইজেরীয়কে আটক করে বিজিবি।

Post a Comment